ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মাহবুবা আক্তার।আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, বর্তমান বিশ্বে তরুণরাই উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ তরুণ সমাজই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, ‘তরুণরা ফিরলে বাংলাদেশ ফিরবে’ তাই তরুণদের মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে রেখে তাদের সম্ভাবনা বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাঠকর্মী এবং অফিস প্রধানদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।