মহেশপুরে ড্রেন নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে পৌরসভার ড্রেন নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রী রাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে মহেশপুর পৌর শহরের গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী রাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামের মিলন দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভার একটি ড্রেন নির্মাণের কাজ করছিলেন শ্রী রামসহ কয়েকজন শ্রমিক। কাজ চলাকালে আকস্মিক শর্ট সার্কিটের মাধ্যমে ড্রেনের পাশের একটি দোকান বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় অসাবধানতাবশত দোকানটির গায়ে হাত দিলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।