বান্দরবানে পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে জামায়াত ইসলামী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে সম্প্রতি পাহাড়ধসে নিহত দুই পরিবারের স্বজনদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নগদ অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে আজিজনগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এম এস আব্দুচ ছালাম আজাদ।

এর আগে দলের নেতারা পাহাড়ধসে নিহত পাঁচজনের কবর জিয়ারত করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

অনুষ্ঠানে বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি পাহাড়ধসপ্রবণ এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

গত বৃহস্পতিবার ভোরে লামার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় পাঁচজন নিহত হন। প্রথম ঘটনায় নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা একই পরিবারের তিন সদস্য মো. ইউনুস (৪০), তাঁর স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের ছেলে মো. সোলেমান (৫) নিহত হন। প্রায় দেড় ঘণ্টা পর একই এলাকার আরেকটি পাহাড়ধসে মাটি ও ঘরের দেয়ালের নিচে চাপা পড়ে মো. জুয়েল (৩৪) ও তাঁর স্ত্রী কুলছুমা আক্তার (২৫) মারা যান। পরে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাঁদের মরদেহ উদ্ধার করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল। এ সময় জেলা কর্মপরিষদ সদস্য হামেদ হাসান, আজিজনগর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. ফরিদ উদ্দিন, স্থানীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

MCH/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত