খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনা নগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলির ছররা লেগে একজন সাংবাদিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও কয়েকজন সাংবাদিক কাজ শেষে সেখানে আড্ডা দিচ্ছিলেন। উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কোষাধ্যক্ষ ও এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্যসচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ পাঁচ থেকে ছয়জন সাংবাদিক।

এ সময় মোটরসাইকেলে এসে দুই যুবক সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি পাশের একটি টুলের পায়ায় বিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় উপস্থিত সাংবাদিকরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে গুলির ছররা লেগে আওয়াল শেখের বুকে আঘাত লাগে।

রকিবুল ইসলাম মতি জানান, তারা কয়েকজন সাংবাদিক রাতে সেখানে বসে ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে এসে দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

সৈয়দ রানা কবীর জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলিটি টুলে লাগে। এর ছররায় আওয়াল শেখ আহত হন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। হামলার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে এমইউজে খুলনা। পাশাপাশি খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠনও পৃথকভাবে ঘটনার নিন্দা জানিয়েছে।

সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে দেওয়া যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহসভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর এবং নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।

এ ছাড়া পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন বিএফইউজের সাবেক সহসভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম এবং এইচ এম আলাউদ্দিন।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে এ ধরনের হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।