বন্দরনগরী খুলনায় মাত্র একদিনের ব্যবধানে সাতটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর ছয়টি থানা এলাকায় একের পর এক এই সন্ত্রাসী তাণ্ডব চলে। এতে শেখ আব্দুল হালিম (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন এবং পুরো শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় অবস্থান করছিলেন ব্যবসায়ী আব্দুল হালিম। এ সময় হেলমেট পরা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল হালিম দেয়ানা উত্তর পাড়ার মোহাম্মদ আলীর ছেলে এবং পেশায় ঘের ও ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, প্রাথমিক তথ্যে 'হুমা বাহিনী' এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানা গেছে।
একই দিন বিকেল সোয়া ৪টার দিকে সোনাডাঙ্গা থানার অদূরে 'পালংকি' নামের একটি রেস্টুরেন্টে পুলিশের উপস্থিতিতেই গুলি চালায় দুই অস্ত্রধারী। ১০ দিন আগে প্রতিষ্ঠানটির মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে সোমবার রাতে রেস্টুরেন্ট বন্ধের হুমকি দেওয়া হলে মঙ্গলবার দুপুরে পুলিশের সহায়তায় সেটি খোলা হয়েছিল।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া বাজারের একটি চায়ের দোকানে ক্যারম খেলার সময় হেলমেটধারী তিন যুবক এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরপর চার রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় উপস্থিত লোকজন প্রাণে বেঁচে যান এবং সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। আড়ংঘাটা থানার ওসি আলিমুর রহমান ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও পাঁচটি খোসা উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার সোনালী জুট মিলসের প্রধান ফটকের সামনে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ ছাড়া রাত ৯টার দিকে লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে গুলি ও গেটে কোপানোর ঘটনা ঘটে। একই থানার মোহাম্মাদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাসা লক্ষ্য করেও গুলি চালানো হয়।
এর আগে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে খুলনা সদর থানার বেলায়েত হোসেন সড়কের বাসিন্দা মো. আবু সাইদকে লক্ষ্য করে ঘরে ঢুকে গুলি চালায় চার দুর্বৃত্ত। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. রেজাউর রহমান জানিয়েছেন, প্রতিটি ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বিদেশি কূটনীতিকদের কাছে আ’লীগের নাশকতার তথ্য জানাল সরকার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ডিসেম্বরে