সাতক্ষীরায় ৬ পা বিশিষ্ট বিরল বাছুরের জন্ম

সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামে বিরল এক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা। একটি দেশি গাভী জন্ম দিয়েছে ছয় পা বিশিষ্ট একটি বাছুর। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ বাছুরটি দেখতে ভিড় করেন। তবে জন্মের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জন্মের কিছু সময়ের মধ্যেই বাছুরটি মারা যায়।

সম্প্রতি গোবরদাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রহিম সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) আব্দুর রহিমের দেশি জাতের গাভীটি একটি বাছুর প্রসব করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও পরে দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি পেছনের অংশের কাছে আরও দুটি অতিরিক্ত পা রয়েছে। এমন বিরল গঠন দেখে পরিবারের সদস্যরা বিস্মিত হন। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ দলে দলে এসে বাছুরটি দেখতে শুরু করেন।

স্থানীয়দের অনেকেই জানান, এমন অদ্ভুত আকৃতির বাছুর তারা আগে কখনও দেখেননি। কেউ এটিকে প্রকৃতির বিরল খেয়াল বলছেন, আবার কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।

বিশেষজ্ঞদের মতে, এটি পলিমেলিয়া (Polymelia) নামে পরিচিত একটি বিরল জন্মগত শারীরিক ত্রুটি। এ অবস্থায় প্রাণীর শরীরে স্বাভাবিক সংখ্যার চেয়ে অতিরিক্ত অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত হয়।

প্রাণিসম্পদ বিজ্ঞানীরা জানান, গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশের সময় জিনগত পরিবর্তন (Genetic Mutation), ভ্রূণের কোষ বিভাজনে ত্রুটি, মাতৃগর্ভে ভ্রূণের বিকাশে অস্বাভাবিকতা অথবা অসম্পূর্ণ যমজ (Incomplete/Parasitic Twin) গঠনের কারণে এমন ঘটনা ঘটতে পারে। এটি অত্যন্ত বিরল এবং সাধারণত মানুষের অবহেলা বা খাদ্যাভ্যাসের কারণে ঘটে না। বিশ্বের বিভিন্ন দেশে গরু, ছাগল, ভেড়া এমনকি মানুষের ক্ষেত্রেও এ ধরনের ঘটনার নজির রয়েছে।

ভেটেরিনারি চিকিৎসকদের মতে, পলিমেলিয়ায় আক্রান্ত প্রাণীর অতিরিক্ত অঙ্গ সাধারণত কার্যকর থাকে না। অনেক ক্ষেত্রে শরীরের অন্যান্য অঙ্গেও জন্মগত ত্রুটি থাকায় এসব প্রাণী দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না। তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত অঙ্গ অপসারণ করে অস্ত্রোপচারের মাধ্যমে প্রাণীকে স্বাভাবিক জীবন দেওয়ার ঘটনাও রয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে এটি পলিমেলিয়া বা অতিরিক্ত অঙ্গ নিয়ে জন্ম নেওয়ার একটি বিরল ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। গর্ভে ভ্রূণের বিকাশজনিত ত্রুটি বা জিনগত পরিবর্তনের কারণে এমনটি হতে পারে। বিষয়টি গবেষণার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটি সংক্রামক নয় এবং অত্যন্ত বিরল একটি জন্মগত সমস্যা।’

এদিকে জন্মের কিছুক্ষণের মধ্যেই বাছুরটির মৃত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা নেমে আসে। বিরল এই ঘটনাকে ঘিরে গোবরদাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।