উজানের ঢল ও টানা ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পানির চাপ বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজের সবকটি, অর্থাৎ ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), যাতে অতিরিক্ত পানি দ্রুত নদীপথে প্রবাহিত হতে পারে।
সোমবার (২০ জুলাই) সকাল ৮টার তথ্য অনুযায়ী, ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটারের মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের চর ও নিম্নভূমি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে। সোমবার সকাল ৮টায় নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পাউবো সূত্র জানায়, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী কয়েক ঘণ্টায় তিস্তার পানি আরও বাড়তে পারে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।
আর্জেন্টিনার হেরে যাওয়া ও স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্বামীর আত্মহত্যা
ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে স্বামীর আত্মহত্যা