মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরে ডুবে রাফিয়া (৩) ও রাইসা (২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত রাফিয়া মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং রাইসা আলিনুরের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল রাফিয়া ও রাইসা। একপর্যায়ে রাইসা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে রাফিয়াও পানিতে নেমে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত দুই শিশুকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
একই পরিবারের চাচাতো দুই বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে মৌশা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।