পুকুরে গোসলে নেমে আপন ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রাম এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—ওই গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং তাঁদের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ফাহিম, সুরাইয়া ও জাকিরুল গুচ্ছগ্রামের পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে তারা পুকুরের পানিতে নেমে মাতামাতি শুরু করে। কিন্তু সাঁতার না জানায় একে একে তিন শিশুই পানিতে তলিয়ে যায়।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুকুরের পানিতে জাকিরুলের চুল ভেসে থাকতে দেখে এক প্রতিবেশী চিৎকার দেন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত গিয়ে জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের মরদেহ উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, ফাহিম ও সুরাইয়ার বাবা-মা জীবিকার তাগিদে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকেন। তাই দুই ভাই-বোন গুচ্ছগ্রামে তাদের নানির কাছে থাকত। দুর্ঘটনার সময় নানি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে তারা অন্য এক শিশুর সঙ্গে পুকুরে নেমে এ দুর্ঘটনার শিকার হয়।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

MCH
আরও পড়ুন