ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি ঢাকাগামী বাস থেকে ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৭ জুলাই) রাতে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মহেশপুর থেকে ঢাকাগামী একটি বাসে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের একটি সিটের নিচে বস্তাভর্তি ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় উপজেলার সামন্তা গোপালপুর গ্রামের আনসার কসাই এবং সামন্তা পটিপাড়া গ্রামের হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার (২৮ জুলাই) আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না।