ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক চারটি পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল জাতীয় সিরাপ, ভায়াগ্রা ও বিভিন্ন ধরনের ভারতীয় ঔষধ জব্দ করেছে মহেশপুর বাংলাদেশ বর্ডার গার্ড (বিচিবি) ৫৮ ব্যাটালিয়ন।
সোমবার (৩ আগস্ট) মহেশপুর বাংলাদেশ বর্ডার গার্ড(বিচিবি) ৫৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টা ৫০ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ বেতবাড়িয়া এলাকায় সীমান্ত পিলার ৫০/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পাটক্ষেতের পাশ থেকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই দিন সকাল ৬টা ২০ মিনিটে মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৩/৫-এস সংলগ্ন মেদিনীপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি বাইসাইকেলসহ ৭২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করেন।
এছাড়া রাত ১২টা ৫৫ মিনিটে নিমতলা বিওপির সদস্যরা ইশ্বরচন্দ্রপুর গ্রামের একটি মরিচক্ষেতে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় সিরাপ ও ৩৫২ পিস ভায়াগ্রা উদ্ধার করেন।
এর আগে রোববার (২ আগস্ট) রাত ৯টা ৫০ মিনিটে নতুনপাড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৬/৩-এস সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯৫০ পিস বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করেন।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।