সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের একটি গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ আগস্ট) রাত ১১টার এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান (বিএফএম) জানান, হাসপাতাল বিল্ডিংয়ের পশ্চিম পাশে গ্যারেজে অ্যাম্বুলেন্সটিতে আগুন জ্বলছিল। অ্যাম্বুলেন্সটির পাশেই বিভিন্ন আকারের বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। ফায়ার সার্ভিস সদস্যরা পানির পরিবর্তে বিশেষ ফোম ব্যবহার করায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে একটি অ্যাম্বুলেন্স, ভেতরে থাকা কিছু ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার ও গ্যারেজ বিল্ডিংয়ের কাঠামোগত কিছু ক্ষতি দৃশ্যমান হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি।