সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম

সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়া সড়কের দুই ধারে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে যে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছেন এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাতক্ষীরার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন সড়ক, গ্রাম ও বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ করা হচ্ছে এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও সবুজ সাতক্ষীরা গড়তে সদর উপজেলার কদমতলা মোড় থেকে বৈকারী অভিমুখী সড়কের দুই ধারে প্রায় পাঁচ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

বৃক্ষ রোপন কর্মসূচীতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বিএনপি নেতা আব্দুস সালাম মধুসহ সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

MU/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত