৬ কোটি টাকা মূল্যের মাদক ‘কুশ’ জব্দ

সাতক্ষীরা সদর উপজেলার অভিযান চালিয়ে ছয় কোটি টাকা মূল্যের নতুন ‘কুশ’ মাদকসহ মো. তারিকুজ্জামান (২৪) নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মাধবকাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত তারিকুজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ওহিদুজ্জামানের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি একটি মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, নতুন মাদক কুশ সাতক্ষীরা থেকে মাধবকাটি হয়ে ভারতে পৌঁছাবে। এমন সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল মাধবকাটি বাজারে অভিযান চালায়। এসময় ১২ কেজি নতুন মাদক ‘কুশ’ জব্দ হয়। যার বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা। আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিদেশ থেকে বিশেষ এই মাদক এনে ভারতে পাচার চক্রকে চিহিৃত করার চেষ্টা চলছে।

তবে আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেন, সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে আরাফাত হোসেন নামের পরিচিত এক ব্যক্তি তাকে ঝাউডাঙ্গা এলাকায় জনৈক ব্যক্তির কাছে একটি ব্যাগ পৌঁছে দিতে বলেছিলেন। কোনো পারিশ্রমিকও দেওয়া হয়নি। তিনি ব্যাগটি পৌঁছে দিতে যাওয়ার পথে বিজিবির হাতে আটক হন। পরে জানতে পারেন, ব্যাগে ‘কুশ’ নামের মাদক ছিল।