সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে গভীর রাতে ভারতীয় বিএসএফের অবৈধভাবে ৩ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় বিজিবির এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত ভারতের নিরাপত্তা বেষ্টনীর গেট দিয়ে একজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয় বিজিবি। পরে তারা সীমান্তের শূন্য লাইন থেকে ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। বিজিবির কঠোর অবস্থানে ভারতের নিরাপত্তা বেষ্টনীর ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় এবং তৎপর রয়েছে।