সাতক্ষীরার শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে লুৎফর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ধুমঘাট শিলতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ওই দিন জমিতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন লুৎফর রহমান। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।