হিরো উমেন স্কলারশিপ পেলো ৪২ শিক্ষার্থী

‘শিক্ষা বৃত্তি বাল্যবিবাহ বন্ধে সহায়ক’-এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৪২ শিক্ষার্থীকে হিরো উমেন স্কলারশিপ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলার বলিদাপাড়ায় সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রোকেয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, আলহাজ্ব আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার ব্যানার্জী, মাওলানা ওলিয়ার রহমান, বিএনএসকেএসের সভানেত্রী মনোয়ারা খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, হুমায়ুন কবির সোহাগ, বিবিএফের প্রোগ্রাম কর্মকর্তা শাহজাহান আলী বিপাশ প্রমুখ।

হিরো উমেন স্কলারশিপের আওতায় কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং কলেজ পর্যায়ের ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

স্কুল পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৫০০ টাকা করে ছয় মাসের জন্য মোট ৩ হাজার টাকা এবং কলেজ পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৬০০ টাকা করে ছয় মাসের জন্য মোট ৩ হাজার ৬০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে এ ধরনের শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে বাল্যবিবাহ রোধ এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এ উদ্যোগ সহায়ক হবে।