বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ। মাছটি বাগেরহাটের মৎস্য অবতরণ কেন্দ্রে তিন লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি দেখতে স্থানীয় বাসিন্দা, জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের মিরাজ হাওলাদার আড়তে মাছটি কিনে নেন ব্যবসায়ী হারুন মীর। মাছটির প্রতি কেজির দাম পড়েছে প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের মালিকানাধীন ট্রলারে মাছটি ধরা পড়ে। ইলিয়াছ হোসেন জানান, সাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ তেমন ধরা পড়ছিল না। তাই বাড়ি ফেরার আগে শেষবারের মতো জাল ফেলেন তারা। রাতে জাল তোলার সময় ধাতিনা ভোল মাছটি পাওয়া যায়।
ক্রেতা হারুন মীর জানান, ধাতিনা ভোলের বাজারদর প্রতি মণ প্রায় ছয় লাখ টাকা। সেই হিসাবেই ২২ কেজির মাছটি তিন লাখ ৫৫ হাজার টাকায় কেনা হয়েছে। মাছটি বরফ দিয়ে বড় মোকামে নেওয়ার পর চট্টগ্রামে পাঠানো হবে। সেখান থেকে প্রায় ৫০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।
মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, দীর্ঘদিন পর ২২ কেজি ওজনের এতো বড় ধাতিনা ভোল ধরা পড়েছে। অবৈধ জালের কারণে অনেক সময় মাছ বড় হওয়ার আগেই ধরা পড়ে যায়। এ ধরনের বড় মাছ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়।
ব্যবসায়ীরা জানান, বিরল ও বড় আকারের মাছ হওয়ায় ধাতিনা ভোলটি ভালো দামে বিক্রি হয়েছে। বঙ্গোপসাগর ও উপকূলীয় নদ-নদীতে মাঝেমধ্যে এমন বড় ও বিরল মাছ জেলেদের জালে ধরা পড়ে, যা তাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে।