ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নে জলবায়ু উন্নয়ন, নারীদের রিজিলিয়েন্স বৃদ্ধি, পুষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে লোকালি-লেড ক্লাইমেট অ্যাকশন প্লান (লোক্যাপ) বাস্তবায়নের লক্ষ্যে এক হাজার ২৫টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড ও প্রসিড প্রকল্পের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে কুমড়াবাড়িয়া কমিউনিটি মনিটরিং কমিটির সভাপতি মো. হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নম্বর কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল করিম। স্বাগত বক্তব্য দেন- সিডিপির কো-অর্ডিনেটর মো. হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য দেন- ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ম্যাপ পার্টনার ও শেল্টার সমাজকল্যাণ সংস্থার পরিচালক শাহিন আলম, আদিবাসী ফোরামের সভাপতি নীল কান্ত বিশ্বাস, নারী জলবায়ু ক্লাবের সভাপতি ছলিমা খাতুন, অ্যাড. নাছির উদ্দিন বিশ্বাস, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে স্থানীয় মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং বনজ বৃক্ষের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। স্থানীয় জনগণ, বিশেষ করে নারীদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ জলবায়ু সহনশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
কর্মসূচির আওতায় কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ১ হাজার ২৫টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হবে। আয়োজকরা এসব বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।