কৃষক হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড ও বাবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা জজ আদালতের বিচারক মাসুদ আলী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মালিয়াটি গ্রামের ইউনুছ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী।

মামলার এজহার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ইউনুছ আলী ও আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে মৃত্যুদণ্ড ও বাবা ইউনুছ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। একই সাথে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, আদালতে সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের বিরুদ্ধে এই রায় দেয়।