ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিনব কায়দায় মাইক্রোবাসে করে ছাগল চুরির সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক তিনজন সম্পর্কে মা, ছেলে ও নাতি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া মাঝেরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- যশোরের শার্শা থানার কেরালখালি গ্রামের মো. হেলাল উদ্দিন (৩৫), মোছা. সুফিয়া খাতুন (৫৫) ও মো. ওমর ফারুক (৭)। তারা সম্পর্কে মা, ছেলে ও নাতি।
স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের সন্দেহ এড়াতে পরিবারের সদস্য সেজে তারা সংঘবদ্ধভাবে ছাগল চুরি করছিল। এ কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ ৫১-৭৭৬৩ নম্বরের কালো রঙের একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই দিন চক্রটি প্রথমে একটি লাল রঙের খাসি ছাগল মাইক্রোবাসে তুলে নেয়। পরে ইকড়া গ্রাম থেকে দ্বিতীয় ছাগলটি গাড়িতে তোলার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মুহূর্তের মধ্যে স্থানীয়রা মাইক্রোবাসটির গতিরোধ করে তিনজনকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে কোটচাঁদপুর তালসার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি লাল রঙের ছাগল ও চুরির কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ তিনজনকে আটক করে কোটচাঁদপুর মডেল থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. হেলাল উদ্দিন বারবাজার এলাকার একটি নির্জন স্থান থেকে প্রথম ছাগলটি চুরির কথা স্বীকার করেছেন।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ আটকদের থানায় নিয়ে আসে। চুরিকৃত ছাগলসহ ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।