সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শারমিন সুলতানা। গত বুধবার (৭ অক্টোবর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
শারমিন সুলতানা দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার বৈষম্য দূরীকরণ এবং গণতান্ত্রিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ঝিনাইদহ জেলার অন্যতম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
শারমিন সুলতানা ২০১৫ সালে এসএসসি পাস করার পর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ ১১ বছরের রাজনৈতিক পথচলায় তিনি ছাত্ররাজনীতিকে কেবল শিক্ষার্থীদের তাৎক্ষণিক দাবি আদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বৃহত্তর সংগ্রামের অংশ হিসেবে দেখেছেন।
কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব পাওয়াকে নিছক সাংগঠনিক পদ হিসেবে দেখছেন না শারমিন সুলতানা। তার কাছে এটি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে প্রগতিশীল, বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও মানবিক চেতনার বিকাশ ঘটানোর পাশাপাশি স্কুলশিক্ষার সংকট নিয়ে আরও সুসংগঠিতভাবে কাজ করার রাজনৈতিক দায়িত্ব। নতুন দায়িত্ব পাওয়ায় সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শারমিন সুলতানা আদর্শনিষ্ঠ রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে নারী আটক
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত