ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য ও তার স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাসডিপো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা সেনাসদস্য সোহেল ও তার স্ত্রী তুলি খাতুন।
স্থানীয়দের বরাতে ওসি আসাদুজ্জামান বলেন, তুলি তার সেনাসদস্য স্বামী সোহেলের সঙ্গে মোটরসাইকেলে করে সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথে পাশের রাস্তা থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় তুলি ছিটকে গিয়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যান। এতে বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।