সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি মুরগির ঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। পরে অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়ায় গহীন বনে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নীলডুমুর গ্রামের আতিয়ার রহমান গাজীর ছেলে মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবারের সন্ধানে অজগর সাপটি সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে মুক্তার গাজীর মুরগির ঘরে আশ্রয় নেয়। এ সময় অজগরটি ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে বলে জানান বাড়ির মালিক মুক্তার গাজী।
মুক্তার গাজী জানান, রাতের কোন এক সময় মুরগির ঘরে অজগরটি ঢুকে পড়ে। সকালে তারা দেখেন হাঁস-মুরগিগুলো ঘর থেকে বের হচ্ছে না। পরে ভেতরে তাকিয়ে দেখেন সেখানে একটি অজগর সাপ রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে বন বিভাগ ও সিপিজি সদস্যদের জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অজগর সাপটি উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা (এস.ও) এরফান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশাল আকৃতির অজগর সাপটি উদ্ধার শেষে সুন্দরবনের কলাগাছিয়া এলাকার কাছাকাছি গহীন সুন্দরবনের নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় লোকালয়ে মাঝেমধ্যেই অজগর সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী চলে আসার ঘটনা ঘটে। খাদ্যের সন্ধান কিংবা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের কারণে এসব বন্যপ্রাণী কখনো কখনো লোকালয়ের কাছাকাছি চলে আসে। এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।