টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মিরপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকালে উপজেলার পশ্চিম জয়পুর ও বানিয়াগাঁও গ্রামের যুবকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে সন্ধ্যার পর দুই গ্রামের লোকজন হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে মিরপুর বাজারে মুখোমুখি হন। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যেই তারা টর্চলাইট ও মোবাইলের আলো জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ান। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে পুরো বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমইউ
আরও পড়ুন