ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা মূল্যের ৩০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ মো. আব্দুল হালিম খান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে মহেশপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কৈলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল হালিম খান কৈলাশপুর গ্রামের মৃত আহম্মদ খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং তদন্ত পরিদর্শক মো. এনায়েত আলী খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি দল কৈলাশপুর গ্রামে অভিযান চালিয়ে একটি বসতবাড়ির উঠানে খড়ের গাদায় লুকিয়ে রাখা একটি নীল রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় ৩০০ বোতল এস্কাফ সিরাপ পাওয়া যায়। এ সময় আব্দুল হালিম খানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আব্দুল হালিম খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।