নড়াইলের লোহাগড়ায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিসকান সরদার (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা মাদ্রাসা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাটিয়াডাঙ্গা গ্রামের আজমল মুন্সি ও ইউপি সদস্য কামাল সমর্থিত পক্ষের সঙ্গে সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যার পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার রাতেও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মাটিয়াডাঙ্গা মাদ্রাসা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে মিসকান, সারফিনা বেগম, সালাম, খাজা ও সিয়ামিনসহ সাতজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত সারফিনা বেগমের মাথায় ২৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মিসকানকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে দুপুরে মাদারীপুরের পাঁচচর এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
নড়াইল জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।