কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারত সীমান্তসংলগ্ন বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল হক বাদাল (৫২) ওই গ্রামের মৃত সুলতান বাদালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৈতৃক জমির ওপর দিয়ে রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান ধারালো হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন।

এতে ইমদাদুল গুরুতর আহত হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের বড় ভাই বজলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।