শ্যামনগরের পরিবেশ সচেতনতা সেমিনার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী মহাবিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজের সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়।

মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জুলফিকার আল মেহেদীর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কৌঁসুলি (জিপি) অসীম কুমার মন্ডল।

সেমিনারে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আন্তন হাসান, সুমাইয়া সুলতানা ও সিরাজুম মুনিরা ঐশী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসিএ জেলা কমিটির সদস্য শেখ আফজাল হোসেন, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, ব্রেকিং দ্য সাইলেন্সের ডিস্ট্রিক্ট ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জিএম নাজমুল আরিফ এবং মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সেমিনারে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশের অতীত ও বর্তমান পরিস্থিতি, প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকার বিভিন্ন তথ্য ও বর্তমান অবস্থা, এসব এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখা, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসিএ জেলা কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।