পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। রোববার রাত ১০টার দিকে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রাত ১২টা পর্যন্ত থেমে থেমে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের সমর্থকেরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১২টার পর দুই পক্ষের লোকজনই ঘটনাস্থল ছেড়ে চলে যান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮)। তারা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রেজওয়ানুল্লাহ বলেন, সংঘর্ষের ঘটনায় ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে। আহতদের অনেকে মাথায় আঘাত পেয়েছেন। তাদের রাজনৈতিক সংঘর্ষে আহত হওয়ার কথা জানা গেছে।

নেতাকর্মীরা বলেন, রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায়ও দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। এর জের ধরেই রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তারা দাবি করেন।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম.সি.এইচ
আরও পড়ুন