নড়াইলে অনলাইন জুয়া-প্রতারণা চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৯

নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে একটি চক্রের মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। লোহাগড়া উপজেলার ঝামারঘোপ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলাগাছি গ্রামের আজাদ মোল্যার ছেলে ফরহাদ হোসেন (২৬), লোহাগড়ার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সজীব হোসেন (৩০), গোবিন্দপাড়া গ্রামের প্রহ্লাদ মজুমদারের ছেলে প্রসেনজিৎ মজুমদার (৩০), চর ঝামারঘোপ গ্রামের মৃত শাহাদাৎ মোল্যার ছেলে জমির মোল্যা (৪৫), মাগুরার কলাগাছি গ্রামের মহামিন মোল্যার ছেলে আলাউদ্দিন মোল্যা (২৮), লোহাগড়ার কালিনগর গ্রামের মিটুর মোল্যার ছেলে লাছু মিনহাজ (২৪), মাগুরার কলাগাছি গ্রামের সাখাওয়াত মোল্যার ছেলে নাজমুল মোল্যা (২৬), একই গ্রামের আজাদ মোল্যার ছেলে ফরিদ হোসেন (২৮) এবং লোহাগড়ার কালিনগর গ্রামের মৃত বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিবেক বিশ্বাস (২৫)।

পুলিশ সুপার জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘নাহিদ ওয়ার্ড’, ‘কলম প্যাকেজিং’, ‘কাকলী ফার্নিচার’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ ও ‘অনলাইন বিডি’সহ বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝামারঘোপ বাজারে অভিযান চালায়। বাজারের ‘মা ফার্মেসি’তে অভিযান চালিয়ে ফার্মেসির মালিক ও চক্রের মূল হোতা ফরহাদ হোসেন এবং তাঁর প্রধান সহযোগী সজীব হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ডিভাইসে 1xBet, Melbet, Ck44.Com ও F11-সহ বিভিন্ন অনলাইন জুয়া ও বেটিং অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে বড় অঙ্কের ই-ট্রানজেকশনের তথ্যও পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।