নড়াইলে নাশকতার ২ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. লাবু মিয়াকে নাশকতার দুই মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শালনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লাবু মিয়া শালনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে শালনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচন কমিশনের নথিতেও তাকে শালনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লাবু মিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৪ সালের ১৩ নভেম্বর জাহিদুল ইসলাম ঝুনু এবং অপরটি একই বছরের ৯ ডিসেম্বর ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে করেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান জানতে পেরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, নাশকতার দুটি মামলায় শালনগর ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।