শৈলকুপায় সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর

ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে। কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানাবাড়ি হরিহরা গ্রামে বেড়াতে এসেছিল সে।

পরিবার সূত্রে জানা যায়, রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল মরিয়ম। এ সময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। ভোররাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরিয়মের নানী রুপালী বেগম জানান, রাতে ঘুমের মধ্যেই সাপটি শিশুটিকে কামড় দেয়। ভোরের দিকে অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহেতেশাম শহিদ বলেন, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয়। তার শরীরে কালাচ সাপের কামড়ের দুটি দাগ পাওয়া যায়। তাকে অ্যান্টিভেনম দেওয়াসহ চিকিৎসা শুরু করা হলেও চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।