নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা উদ্বোধন

নড়াইলে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

সকাল সাড়ে ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন, গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনিরুজ্জামান, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার, ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ এনাম হোসেন মোড়ল, সংগঠক সোহেল সরকারসহ সংশ্লিষ্টরা।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির নড়াইল ইউনিটের ইনচার্জ প্রদীপ কুমার সরকার জানান, প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস-ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাচ্ছে।

আয়োজকেরা জানান, মেলায় বিভিন্ন প্রকাশনীর প্রায় ১৫ হাজার বই রাখা হয়েছে। এসব বই ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। উদ্বোধনের প্রথম দিনেই শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।