নড়াইলে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম

নড়াইলের লোহাগড়ায় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় আকরাম মোল্যা (৪৬) নামে তার এক সহযোগী পালিয়ে যান। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য সাত লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার তৈয়ব আলী লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের মঙ্গলপুর উত্তরপাড়া গ্রামের মৃত বালা মোল্যার ছেলে। পলাতক আকরাম মোল্যাও একই গ্রামের বাসিন্দা। তিনি মৃত আনিছুর রহমানের ছেলে।

ডিএনসি জানায়, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটাখোল ইউনিয়নের কোটাকোল বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি লাগেজে স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি প্যাকেট থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় আকরাম মোল্যা পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার ঢাকা মেইলকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৈয়ব আলী জানিয়েছেন, তিনি পেশায় ট্রলারচালক। পলাতক আকরাম মোল্যা তার আপন চাচাতো ভাই।

গোলক মজুমদার আরও বলেন, নদীকেন্দ্রিক যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে তারা দীর্ঘদিন ধরে উপজেলার তেলকাড়া, মহাজন ঘাট, কোটাকোল ঘাট ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ, কেনাবেচা এবং চোরাচালানে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে। পলাতক আকরাম মোল্যাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এমইউ
আরও পড়ুন