পাচার ঠেকাতেই জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাব এবং প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেল পাচারের ঝুঁকি বিবেচনায় দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশেই জ্বালানি তেলের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির পাশাপাশি দেশের তুলনামূলক কম দামের কারণে সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কাও তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই দেশে তেলের দাম সমন্বয় করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থিতিশীল। একই সময়ে প্রতিবেশী অনেক দেশে বাংলাদেশের তুলনায় জ্বালানি তেলের দাম বেশি। ফলে দেশের তুলনামূলক কম দামের তেল সীমান্তপথে পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়টিও মূল্য সমন্বয়ের সিদ্ধান্তে বিবেচনা করা হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রবাসী বাংলাদেশিরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা আয় করেন। সেই অর্থ দিয়ে দেশে জ্বালানি তেল আমদানি করা হয়। তাই প্রবাসীদের কষ্টার্জিত অর্থে কেনা জ্বালানি তেল যাতে অন্য দেশে পাচার না হয়, সেটিও সরকারের বিবেচনায় রয়েছে।

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম পুনরায় কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকটের প্রভাব এখন বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি হলে আন্তর্জাতিক বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তখন দেশের বাজারে জ্বালানি তেলের দাম আবার সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুকূলে থাকলে আগের দামের চেয়েও কম দামে তেল বিক্রির সুযোগ থাকলে সেটিও বিবেচনা করা হবে।

বোরো মৌসুমে বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের কথা বিবেচনায় নিয়ে বোরো মৌসুমে প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। কৃষকদের সেচের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ নিশ্চিত করতে ভবিষ্যতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।