নড়াইলে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে একাধিক অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়া আসামিকে বুধবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুটিমারী গ্রামে অভিযান চালিয়ে মো. এসকেন শেখকে গ্রেপ্তার করেন। পরে তাকে হাতকড়া পরিয়ে পুটিমারী বাজারের দিকে নেওয়ার সময় আসামির স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয় বলে অভিযোগ পুলিশের।

পুলিশ জানায়, এসকেন শেখকে ছিনিয়ে নেওয়ার সময় তার বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখ এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় এসকেনের মামাতো ভাই হৃদয় মোল্যা, প্রতিবেশী আল আমিন শেখ, সাবেক নড়াগাতী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর মোল্যা, তাজু শেখ, শামীম শিকদার, হাফিজুর রহমান ও রাসেল শেখসহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে নড়াগাতী থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে পুটিমারী ঈদগাহের গেটের সামনে থেকে আসামির হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এসকেন শেখকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামি এসকেন শেখকে পুনরায় গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের আটক করতে পুটিমারী ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।