নড়াইল সদর উপজেলায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে বিভিন্ন সময়ে শিশুটিকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার পাশের একটি স্থানে শিশুটিকে নিয়ে গিয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি মাদ্রাসার এক শিক্ষক জানতে পারেন। পরে ঘটনা প্রকাশ না করার জন্য শিশুটিকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শিশুটির শরীরে তীব্র ব্যথা শুরু হলে পরিবারের সদস্যদের কাছে সে বিষয়টি জানায়। পরদিন বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে মা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজখবর নেয়। পরে এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।