কক্সবাজার সৈকতে এক দিনে মিললো ৩ মরদেহ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম

কক্সবাজারের উখিয়ায় সাগরপাড়ের পৃথক দুটি এলাকা থেকে এক দিনে তিনটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এর প্রায় তিন ঘণ্টা পর মনখালী এলাকার সাগরপাড়ে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে ওই দুটি মরদেহও উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় কোস্ট গার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর কয়েকজন নিখোঁজ রয়েছেন।

উখিয়ার সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিন মরদেহ নিখোঁজদের কারও কি না, তা যাচাই করে দেখছে পুলিশ।

এমইউ
আরও পড়ুন