পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না-বাংলা শপিং মলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।

এ সময় জেলা যুবদলের সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্যসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলেও তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থাকবেন। তাদের ভাষ্য, জনগণের আন্দোলনের মাধ্যমে যেসব রাজনৈতিক শক্তি প্রত্যাখ্যাত হয়েছে, তাদের পুনরায় ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।

এ সময় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন বক্তারা। তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্রের মোকাবিলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজপথে থাকবে এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।