ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় দুই পা হারানো রাবেয়া খাতুন (৩৭) মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেসে ওঠার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে বলে জানা গেছে।
স্টেশন মাস্টার নয়ন খন্দকার জানান, সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির পর কপোতাক্ষ এক্সপ্রেসটি চলতে শুরু করে। এ সময় রাবেয়া খাতুন ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তিনি প্ল্যাটফর্মের নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
নয়ন খন্দকার বলেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।