বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় কাকলি বেগম (২৮) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চাকরি শেষে বাড়ি ফেরার পথে মাহিন্দ্র ও অটোভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ছয় থেকে সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মোংলা বন্দর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাকলি বেগম পৌর শহরের শাহজালাল পাড়া (মনপুরা) এলাকার ভাড়াটিয়া মো. শাহিনের স্ত্রী। তিনি মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্রা ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইপিজেডের শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্র মোংলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মাহিন্দ্রটির সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি উল্টে গেলে ভেতরে থাকা শ্রমিকেরা সড়কে ছিটকে পড়েন।
এ ঘটনায় কাকলি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও ছয় থেকে সাতজন নারী শ্রমিক আহত হয়েছেন।
নিহত কাকলির স্বামীও মোংলা ইপিজেডের একজন শ্রমিক। তাঁদের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।