চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত বকুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মরহুম কুদরত আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় বকুলের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির উঠান থেকে তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৩টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় হাজতবাসের সময় তার সাজা থেকে বাদ যাবে। একই সঙ্গে উদ্ধার করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এ রায় দিয়েছেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম আরিফ জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।