ইরান এখনো যুদ্ধের মধ্যেই আছে: গালিবাফ

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান এখন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন কোনো অবস্থায় নেই; বরং দেশটি এখনো যুদ্ধের মধ্যেই রয়েছে। তবে তেহরান যুদ্ধ চালিয়ে যেতে চায় না। যুক্তরাষ্ট্র ইরানের সাতটি শর্ত মেনে নিলে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে সাক্ষাৎকারের বিস্তারিত তুলে ধরা হয়েছে। গালিবাফ বলেন, ইরানের জনগণের ন্যায্য অধিকার এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন, হুমকি ও কর্মকাণ্ডের জবাব হিসেবেই তেহরান আলোচনার শর্তগুলো দিয়েছে।

তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তাদের সিদ্ধান্ত নিতে হবে এবং তা ঘোষণা করতে হবে।’ ওয়াশিংটন আগের প্রতিশ্রুতি রক্ষা করলে এবং অতিরিক্ত দাবি থেকে সরে এলে ইরান সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত বলেও জানান তিনি।

গালিবাফের মতে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবই সমঝোতার পথে সবচেয়ে বড় বাধা। ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের দীর্ঘদিনের বৈরী অবস্থান এবং আগের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনাগুলো তেহরানের অবিশ্বাস আরও বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের দাবিগুলোকে অযৌক্তিক বলা হলেও তা প্রত্যাখ্যান করেছেন গালিবাফ। তাঁর ভাষায়, এসব দাবি অতিরিক্ত কোনো সুবিধা আদায়ের চেষ্টা নয়; বরং ইরানের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়।

গালিবাফ বলেন, এগুলো পূরণ করা হলে তবেই পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধকে তিনি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘নিষ্ঠুর যুদ্ধংদেহী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন। তাঁর দাবি, এ অবরোধের কারণে খাদ্য সরবরাহ, বাণিজ্য ও স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগে কাতার ও পাকিস্তান প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বলে জানান গালিবাফ। রাশিয়া, চীনসহ আরও কয়েকটি আঞ্চলিক দেশও দুই পক্ষকে কাছাকাছি আনার চেষ্টা করছে।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা তাঁর সঙ্গে যোগাযোগ করে ইরানের সঙ্গে কথা বলে সরাসরি আলোচনার পথ সুগম করার অনুরোধ জানিয়েছিলেন। পরে তেহরান নিজেদের অবস্থান ও দাবিগুলো মস্কোর মাধ্যমে জানিয়েছে।

মধ্যস্থতাকারীরা প্রয়োজনীয় পদক্ষেপগুলো দুই দিনের মধ্যে বাস্তবায়নের বিষয়েও আলোচনা করেছেন বলে জানান গালিবাফ। তবে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জবাবের ওপরই অগ্রগতি নির্ভর করছে।

ইরানের আলোচক দলের কাঠামো পরিবর্তনের খবরও নাকচ করেছেন তিনি। ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব এখনো তাঁর হাতেই রয়েছে বলে জানান গালিবাফ।

গালিবাফ বলেন, ইরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতির অবসান ঘটিয়ে দীর্ঘস্থায়ী প্রতিরোধক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তবে এ লক্ষ্য অর্জনের একমাত্র পথ আলোচনা নয়।

তাঁর ভাষায়, ‘শুধু যুদ্ধ এড়ানোর জন্যই আমাদের আলোচনায় বসতে হবে—এমনটা আমরা মনে করি না। দেশের মধ্যে টেকসই প্রতিরোধক্ষমতা প্রতিষ্ঠার দিকে এগোতে হবে।’

তবে তিনি স্পষ্ট করেন, ইরান যুদ্ধপ্রিয় নয় এবং যুদ্ধ অব্যাহত থাকুক, সেটিও চায় না। কিন্তু যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে তেহরান কঠোর জবাব দেবে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত