সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার রাবেয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত দুজন হলেন- তারালী গ্রামের সোনা সরকারের ছেলে মহানন্দ সরকার (৪২) ও মনিরুজ্জামান পাড়ের ছেলে আরাফাত হোসেন (১৪)।
স্থানীয় রেকনুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে রাবেয়া গ্রামের আরিফুল ইসলামের বাড়িতে সেপটিক ট্যাংক সংস্কারের কাজ করতে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। ওই সময় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আরাফাত তাকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে নামে। স্থানীয়দের ধারণা অক্সিজেনের অভাবে দুজনই সেখানে মারা যান।
পরে তাদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও স্থানীয় বাসিন্দা জামাল হোসেন গুরুতর অসুস্থ হন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে গোলাম হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।