বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

বিয়ের জন্য ক্রমাগত চাপ দেওয়ায় সৃষ্ট ক্ষোভ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার তরুণের নাম আকিবুল (১৯)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার মুক্তাগাছা থানা–পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত কিশোরী জাকিয়ার সঙ্গে আকিবুলের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সময়ে জাকিয়া তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। 

গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকিবুল কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নেন। কথাবার্তা বলতে বলতে তারা বাড়ি থেকে কিছুটা দূরে খালপাড়ের একটি ধানখেতে যান। সেখানে তাদের মধ্যে কথা–কাটাকাটি ও একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় জাকিয়া আকিবুলকে চড় মারলে তিনি ক্ষুব্ধ হয়ে কিশোরীর গলা চেপে ধরেন। জাকিয়া অচেতন হয়ে পড়লে তার গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আকিবুল।

পুলিশ আরও জানায়, হত্যার পর মরদেহটি একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দেন আকিবুল। পরে তিনি নিজের বাড়ি চলে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যার পর নানার বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরীটি। পরদিন ১৮ নভেম্বর বেলা ১১টার দিকে দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শুরুতে এই হত্যাকাণ্ডের কোনো ক্লু বা সূত্র পাওয়া যাচ্ছিল না। তবে তদন্ত শুরুর পর অভিযুক্ত তরুণের সঙ্গে নিহত কিশোরীর সম্পর্কের বিষয়টি সামনে আসে। গতকাল সোমবার আকিবুলকে আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এএইচএ
আরও পড়ুন