সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীর ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাসের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডিতরা হলেন- শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলাম। তাদের দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন বিচারক। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. কামরুজ্জামান ভূট্টো এই তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের কারিগরপাড়ার রইচ উদ্দিনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাসেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান জন্ম নেয়। বিয়ের কিছুদিন পর দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমার ওপর নির্যাতন শুরু করেন শওকত আলী। এক পর্যায়ে বাধ্য হয়ে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে স্বামীর হাতে তুলে দেন নাছিমা। তবে এরপরও তার ওপর নির্যাতন বন্ধ হয়নি। এরই মধ্যে শওকত আলী কুকরালি কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন।
পিপি জানান, দ্বিতীয় বিয়ের পর নাছিমা খাতুন ও তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। কিন্তু শওকত আলী প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ ঘটনায় নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পৌরসভা থেকে ২০১২ সালের ৩০ অগাস্ট তাদের হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।
এর আগের দিন ২৯ অগাস্ট সন্ধ্যা পৌনে আটটার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, ভাই শফিকুল ইসলাম ও মা সবিরন খাতুন ইটাগাছার ওই ভাড়া বাড়িতে যান। সেখানে নাছিমা খাতুনকে মারধরের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। নাছিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন।