ঝিনাইদহ আইনজীবী সমিতির সভাপতি মশিউর, সম্পাদক শফিউল

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের নির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে এস এম মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলম নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পূর্ণাঙ্গ প্যানেলের সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল আলম। ফল ঘোষণার পর সমিতি প্রাঙ্গণে নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মী আইনজীবীরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত পদগুলোর বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাহী পরিষদের সহসভাপতি পদে কাজী একরামুল হক আলম, সহসাধারণ সম্পাদক পদে মো. ইসরাত হোসেন খোকন, হিসাব নিরীক্ষক পদে মো. মোর্শেদ ইমাম বাবু নির্বাচিত হয়েছেন। সাহিত্য, সংস্কৃতি, গ্রন্থাগার ও প্রযুক্তি সম্পাদক পদে শেখ মো. শফিউল আলম লুলু, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পদে মো. পান্না বিশ্বাস এবং ধর্মীয় ও বিজ্ঞান সম্পাদক পদে মো. মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. দবির হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. শামসুজ্জামান লাকি, মো. আকিদুল ইসলাম, মো. মাসুদুর রহমান-২, বিনা খাতুন, মো. জাহিদুর রহমান, মো. মহিদুল ইসলাম এবং মো. রফিকুজ্জামান মল্লিক মাখন।

নবনির্বাচিত সভাপতি এস এম মশিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁরা বলেন, বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতে সহযোগিতা করা এবং সমিতির উন্নয়ন ও আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষায় নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।