সাড়ে তিন কোটি টাকার স্বর্ণ পাচারকালে আটক তিন

যশোরে অভিযান চালিয়ে ভারতে পাচারের আগেই ১৫টি স্বর্ণের বার ও ২৩ গ্রাম রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে স্বর্ণ বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুর এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সাদা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে গাড়িতে থাকা তিনজনের কাছ থেকে স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), একই উপজেলার কেঁড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল সদর দপ্তরের সামনে চেকপোস্ট স্থাপন করে। সেখানে একটি সাদা প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার এবং ২৩ গ্রাম রুপা পাওয়া যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকায় সংগ্রহ করা স্বর্ণের বারগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধার করা স্বর্ণ ও রুপা, জব্দ করা প্রাইভেটকার এবং আটক তিনজনকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।