বাংলাদেশ আসছেন জনপ্রিয় লাইভস্ট্রিমার আইশোস্পিড

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

বিশ্বের প্রতিটি দেশ ঘুরে দেখার লক্ষ্য পূরণে ২০২৭ সালে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার আইশোস্পিড। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও কাজাখস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। তবে সম্ভাব্য সফরের তারিখ কিংবা বাংলাদেশে তাঁর কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।

সম্প্রতি পুনঃপ্রকাশিত ‘লাইফ’ ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন ও সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনার কথা জানান ২১ বছর বয়সী এই অনলাইন তারকা। সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী বছর ভারত, বাংলাদেশ, নেপাল ও কাজাখস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে যেতে চান।

বিশ্বের সব দেশ ভ্রমণ করাই তাঁর লক্ষ্য। আইশোস্পিড জানান, এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশ ঘোরা হয়েছে তাঁর। আগামী দুই বছরের মধ্যে বিশ্বের প্রতিটি দেশে যাওয়ার লক্ষ্য পূরণ করতে পারবেন বলে আশা করছেন তিনি।

‘লাইফ’ ম্যাগাজিনের সাক্ষাৎকারে আইশোস্পিডের ২০২৬ সালের ভ্রমণ অভিজ্ঞতার কথাও উঠে এসেছে। এ বছর আফ্রিকার ২০টি দেশ ঘুরেছেন তিনি। ক্যারিবীয় অঞ্চলেও ১৪ দিনের ভ্রমণ করেছেন এই স্ট্রিমার। এসব ভ্রমণের বিভিন্ন মুহূর্ত সরাসরি সম্প্রচার করে অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র নামের এই মার্কিন ইউটিউবার গেমিং ও ফুটবলবিষয়ক ভিডিও তৈরি করে বিশ্বজুড়ে পরিচিতি পান। বিশেষ করে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তাঁর ভক্তি এবং রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপন অনুকরণ তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

এদিকে চলতি মাসে ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ ৬) গেমের মূল কাহিনি শেষ করতে টানা প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট লাইভস্ট্রিম করে আলোচনায় আসেন আইশোস্পিড। এ সময় তিনি ঘুমাননি বলে জানান। ২১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা বিডিনিউজ২৪ জানায়, দীর্ঘ এই সম্প্রচারের শেষ দিকে গেমটির কাহিনি শেষ করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

তবে ২০২৭ সালে বাংলাদেশে আইশোস্পিডের আসার আগ্রহ প্রকাশ পেলেও তাঁর সফর নিশ্চিত হওয়ার মতো কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। ফলে কবে তিনি বাংলাদেশে আসবেন কিংবা এ দেশে এসে কোথায় কোথায় যাবেন, তা জানতে অপেক্ষা করতে হবে ভক্তদের।

সূত্র: লাইফ’ ম্যাগাজিন

বিএইচবি
আরও পড়ুন